যাত্রাবাড়ী হত্যা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন
মানব কথা:যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে আবেদন, শুনানি শিগগিরই জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। তিনি জানান, গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল আদালতে এ আবেদন করেন। বিষয়টি এখন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে শুনানির জন্য রয়েছে।এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হক-কে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।এদিকে, তাকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ১৭ মে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত দুটি মামলায় গত ১২ মে সাবেক এই প্রধান বিচারপতি হাইকোর্ট থেকে জামিন পান। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে। এর আগে আরও কয়েকটি মামলায় জামিনে থাকা অবস্থায় এবার নতুন করে আরেক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করল পুলিশ। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।










