ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিনের ছুটিতে প্রাথমিক বিদ্যালয়
মানব কথা:ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ,নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ঈদুল আজহার টানা ছুটি। এর ফলে সারাদেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর হলো ১৫ দিনের ছুটি। আগামী ৬ জুন পর্যন্ত এ ছুটি চলবে বলে নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি জানান, “শনিবার থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদের ছুটিতে যাচ্ছে।” এর আগে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগে শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে। এমনকি শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল। রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা নির্দেশনায় ঈদের পর টানা ১০টি শনিবার ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। বিভিন্ন শিক্ষক সংগঠন শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে লিখিত আবেদনও জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। শিক্ষকদের দাবি ও মতামতের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগের শনিবার থেকেই শুরু হলো টানা ছুটি। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির এই সময়ে শিক্ষার্থীরা পরিবারে সময় কাটানোর পাশাপাশি মানসিকভাবে বিশ্রাম পাওয়ার সুযোগ পাবে।










