দীর্ঘ সময় গাড়ি চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি: বিআরটিএ

সময়: 8:45 am - May 23, 2026 |

মানব কথা:নির্ধারিত সময় না মানলে কঠোর ব্যবস্থা, দুর্ঘটনা রোধে নতুন সতর্কতা টানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুম ঘুম ভাব বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পরিস্থিতিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে যানবাহন চালানোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে। পরবর্তীতে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিআরটিএ জানায়, নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর