রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট পেলেই চার্জশিট দাখিল: তদন্ত কর্মকর্তা
মানব কথা:রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আজ শনিবার (২৩ মে) পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে পেলেই আগামীকাল রোববারের (২৪ মে) মধ্যেই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা চলছে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই চার্জশিট প্রস্তুত করে আদালতে জমা দেওয়া হবে। তিনি বলেন, “ডিএনএ রিপোর্ট পেলে মামলার তদন্ত দ্রুত শেষ করে আগামীকালই চার্জশিট দাখিল করা সম্ভব হবে।” গত ১৯ মে রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে গত বুধবার (২০ মে) আদালতে হাজির করা হলে প্রধান আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ঘটনার আগে ইয়াবা সেবনের কথাও স্বীকার করেন। এদিকে, মামলার অগ্রগতিকে দ্রুত বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। দ্রুত চার্জশিট দাখিল হলে মামলাটি বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনালে যাবে বলে জানা গেছে।










