শিশু রামিসা হত্যায় সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়: 1:25 pm - May 23, 2026 |

মানব কথা:রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি জানান, আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। শিশু রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।” তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করবে না। আইনের মাধ্যমেই অপরাধীদের বিচার করা হবে। আইনের শাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য দেশে আইন-কানুন রয়েছে। কিন্তু কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা আইন ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।” রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর একটি মহল অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। প্রধানমন্ত্রী বলেন, “যারা দেশে অরাজকতা করছে, তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের সম্পর্ক রয়েছে। তারা কৃষক, কর্মসংস্থান বা উন্নয়নের কথা বলে না; শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।” সমাবেশে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চের উদ্দেশে রওনা হন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর