রামিসা হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত

সময়: 7:10 am - May 24, 2026 |

মানব কথা:রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ। মামলার তদন্ত শেষ করে রোববার আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।” এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। একইদিন সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার অপর এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশু রামিসা আক্তার পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবার। একপর্যায়ে আসামিদের ফ্ল্যাটের সামনে রামিসার জুতা দেখতে পান স্বজনরা। দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।এসময় শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার কাটা মাথা দেখতে পান উপস্থিতরা। অভিযোগ অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা বিচ্ছিন্ন করে বালতিতে রাখা হয়। ঘটনার পর লোকজন জড়ো হলে সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর