ঈদের আগে রিজার্ভে স্বস্তি, বেড়ে ৩৪.৫৬ বিলিয়ন ডলার
মানব কথা:পবিত্র ঈদুল আজহার আগে দেশের অর্থনীতিতে এলো স্বস্তির খবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে কয়েক কোটি ডলার যোগ হয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শনিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ মে পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়। অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেন স্থিতিশীল রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










