রামিসা হত্যা মামলার বিচার ৫–৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 9:18 am - May 24, 2026 |

মানব কথা:রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার দ্রুততম সময়ে, অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পরপরই মাত্র সাত ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং দ্রুত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে জড়িত থাকার অভিযোগে আসামির স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। সব তথ্য একত্র করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে এবং তা ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে বা দাখিলের প্রক্রিয়ায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বিশেষ আদালতের ছুটি বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে বিচার কার্য পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। রামিসা হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি সামাজিক অবক্ষয়ের ফল। শুধু আইন দিয়ে নয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জোরদার করাও জরুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ গণমাধ্যমকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর