শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কাছে বারবার চিঠি: স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন। রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার অনেক আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছে। তিনি বলেন, “আমরা বারবার চিঠি দিয়েছি। এখনো আশা করছি, দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় ও প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত পাঠাবে।” সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকার চায় সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হোক।









