ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মুহা. মনিরুজ্জামান
মানব কথা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ড. মুহা. মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্বালানি ও পরিবেশ বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত। জ্বালানি দারিদ্র্য ও জ্বালানি ন্যায্যতা (এনার্জি পোভার্টি অ্যান্ড এনার্জি জাস্টিস) বিষয়ে আন্তর্জাতিক গবেষণা জার্নাল এলসেভিয়ারে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
আমিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল:
এর আগে পৃথক এক আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। একই সঙ্গে তাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এমডি হিসেবে ড. মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ঢাকা ওয়াসার শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এলো।









