জঙ্গল সলিমপুরে অভিযান: যৌথবাহিনীর হাতে ২৫ জন আটক
মানব কথা:জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার পর পরিচালিত বিশেষ অভিযানে ২০ থেকে ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
তিনি বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে র্যাব ও যৌথবাহিনীর চলাচলে বাধা দিতে সড়কের অন্তত চারটি স্থানে বড় গর্ত করে রাখে। এতে যানবাহন প্রবেশে বাধা সৃষ্টি হয় এবং বাধ্য হয়ে সদস্যরা হেঁটে ঘটনাস্থলে পৌঁছান। এ সুযোগে মূল সন্ত্রাসীরা পালিয়ে যায়। র্যাব অধিনায়ক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, জেলা পুলিশ, আরআরএফ ও এপিবিএনের সমন্বয়ে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে প্রায় ১৫০ জন সদস্য সেখানে অবস্থান করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে সন্দেহভাজন হিসেবে আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিরপরাধদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।









