আদ্-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে আরও ৫ শিশু, অবস্থা আশঙ্কাজনক
মানব কথা:রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর এনআইসিইউতে আরও পাঁচ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে চিকিৎসাধীন শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে থাকা কয়েকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে বলেও জানা গেছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ উঠলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। তিনি বলেন, “পাঁচজন মায়ের ছয় নবজাতক মারা গেছে। আরও কয়েকজন শিশুকে এনআইসিইউতে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।” তিনি আরও বলেন, হাসপাতালের ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কি না, সিসি ক্যামেরা ফুটেজে কতজন শিশুকে সরানো হয়েছে, তালিকাভুক্ত শিশুদের তথ্য সঠিক কি না এবং মৃত শিশুদের শারীরিক অবস্থা কেমন ছিল—এসব বিষয় তদন্তে গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।








