জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্রের নতুন যাত্রা শুরু: স্পিকার

সময়: 10:59 am - November 9, 2026 |

জিয়াউল হক টুটুল:

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশে ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, এ গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। এর মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে। স্পিকার আরও বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজতে হবে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

Share Now

এই বিভাগের আরও খবর