হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সময়: 11:36 am - November 9, 2026 |

মোঃসাব্বির আহমেদ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪০ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩৫৯ শিশু। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪। এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Share Now

এই বিভাগের আরও খবর