শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়: 8:03 am - November 9, 2026 |

তাহের মাহমুদ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এ ধরনের আবেদন করতে পারেন না। তাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে। শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’ প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিকে তার নেওয়া সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, দুই বছরেরও বেশি সময় আগে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর