চামড়া খাতে শৃঙ্খলা নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকি বাড়িয়েছে সরকার : বাণিজ্যমন্ত্রী
মানবকথা: কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৮ মে) ঢাকার আমিন বাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তাই এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের অব্যবস্থাপনা, সিন্ডিকেট বা চামড়ার অপচয় যাতে না ঘটে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য এ পরিদর্শন করা হয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। পরিদর্শনকালে মন্ত্রী চামড়ার ক্রেতা-বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতি, মূল্য ও সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।








