২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৮৬
মানব কথা:দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন শিশু। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৩ জন শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৩ জন। এ সময়ে ৯০৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৫৩৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২। এর মধ্যে ৮ হাজার ৯৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৫ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫২ হাজার ৫০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।








