আদ্-দ্বীনের শিশু মৃত্যুর ঘটনা গুরুত্বসহকারে তদন্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সময়: 11:01 am - May 30, 2026 |

মানব কথা:রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির আজ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে এখনো ক্ষতিগ্রস্ত ও সন্তানহারা কয়েকজন মায়ের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাদের সাক্ষ্য ও মতামত অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ প্রতিবেদন প্রস্তুতের জন্য কমিটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তদন্তে সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়ার পরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়। এ ঘটনায় কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

Share Now

এই বিভাগের আরও খবর