জিয়ার আদর্শেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে : হুইপ অপু
মানব কথা: জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছে। শনিবার (৩০ মে) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ অপু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শরীয়তপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা এবং সমাজের অসঙ্গতি ও অনিয়ম প্রকাশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জেলা পরিষদের প্রশাসক সদর এ কে এম নাসির উদ্দিন কালু। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।









