শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে: অর্থমন্ত্রী
মানব কথা:শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৩০ মে) চট্টগ্রাম সার্কিট হাউস-সংলগ্ন কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন-চট্টগ্রামের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, “শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার আদর্শ ধারণ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউস দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তবে তাকে হত্যা করা গেলেও তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে মুছে ফেলা সম্ভব হয়নি। অর্থমন্ত্রী আরও বলেন, “শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তার আদর্শ বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের জনগণের স্বার্থ ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যাদের জন্য আমরা রাজনীতি করি, সেই সাধারণ মানুষকে কখনো ভুলে গেলে চলবে না। জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।” অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, “পঁচাত্তর-পরবর্তী সংকটময় সময়ে শহীদ জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন।” অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।









