টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

সময়: 5:02 pm - May 30, 2026 |

মানব কথা:পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটি উপভোগ করেন। ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ঈদের আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস কার্যক্রম পরিচালিত হয়।
ছুটির আওতার বাইরে ছিলেন যারা
তবে ঈদের ছুটির মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের কর্মীরা দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম এবং ডাক বিভাগের কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন। এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মীরাও ঈদের ছুটিতে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে সরকারি-বেসরকারি সব ধরনের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

Share Now

এই বিভাগের আরও খবর