চাকরির নামে প্রতারণার ফাঁদ, সতর্কবার্তা এনবিআরের
মানব কথা :আয়কর বিভাগে নিয়োগের নামে অর্থ লেনদেন না করার আহ্বান, প্রতারক চক্রের তথ্য দিতে অনুরোধ ,দেশে আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে সক্রিয় প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠে আসায় চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সোমবার (১ জুন) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহের চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সাধারণত দাবি করে যে অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করা সম্ভব। অথচ নিয়োগ প্রক্রিয়ায় যেসব প্রার্থী নিজ যোগ্যতায় নির্বাচিত হন, তাদের নিয়েই এসব চক্র মিথ্যা প্রচারণা চালিয়ে অর্থ হাতিয়ে নেয়। আবার কেউ চাকরি না পেলে কিছু ক্ষেত্রে টাকা ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরির কৌশলও অবলম্বন করে। এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। চাকরি দেওয়ার নামে অর্থ দাবি বা প্রতারণার কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের এমন প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এনবিআরের মতে, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই; যোগ্যতা ও নির্ধারিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।









