জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির

সময়: 9:23 am - June 1, 2026 |

মানব কথা:জ্বালানি তেলের মূল্য আবারও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা হবে জনস্বার্থবিরোধী এবং সাধারণ মানুষের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। রোববার (৩১ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি এক দফায় জ্বালানি তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাব ইতোমধ্যে বাজারে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। অথচ সাধারণ মানুষের আয় বাড়েনি, বরং বেকারত্ব বাড়ছে। তিনি দাবি করেন, সরকার পূর্বে আশ্বাস দিয়েছিল অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। কিন্তু এখন আবার মূল্যবৃদ্ধির উদ্যোগের খবর জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।জামায়াত আমির বলেন, “যদি আবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে তা হবে সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী। বাজেট অধিবেশন শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।”তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু পরিবহন খাতেই নয়, কৃষি, শিল্প ও নিত্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলে। ফলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এসব সংকট দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।ফেসবুক পোস্টে তিনি জনগণক নিজেদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অধিকার কেউ হাতে তুলে দেয় না, সংগ্রামের মাধ্যমেই তা আদায় করতে হয়। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা তাদের পাশে আছি।” উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর