হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১৭৯

সময়: 12:21 pm - June 1, 2026 |

মানব কথা:সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯ শিশু। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯০ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৩৪ জন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬ জন শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৪ জনের। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৭ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৩ হাজার ৭২২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর