ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সময়: 10:19 am - June 2, 2026 |

মানব কথা:বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরে আরও সচেতনতা প্রয়োজন। তিনি শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়ন বিষয়ে আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে এ বিষয়ে আরও কার্যকর ও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে। ইউনিসেফ প্রতিনিধিদল সংসদ সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট ব্রিফিং ও নীতিনির্ধারণী সংলাপের গুরুত্ব তুলে ধরে। তারা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মতামত সরাসরি নীতিনির্ধারকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে। প্রতিনিধিদল আরও উল্লেখ করে, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি করাই যথেষ্ট নয়; বরং সেই বরাদ্দের কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বৈঠকে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর