প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব

সময়: 7:57 am - June 3, 2026 |

মানব কথা:জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগের সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। একই সঙ্গে বিনিয়োগ কার্যক্রম সহজ ও দ্রুত করতে বিভিন্ন সরকারি সেবাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মিতসুই অ্যান্ড কোম্পানি বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাকাতো সাতো। এছাড়া প্রতিনিধিদলে ছিলেন তাকানোবু মুরায়ামা, কেনইচিরো কাওয়ামোতো এবং মো. মনিরুজ্জামান। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর