রামিসা হত্যা মামলা: নির্দোষ দাবি স্বপ্নার, আদালতে ক্ষমা চাইলেন সোহেল

সময়: 7:28 am - June 3, 2026 |

মানব কথা:রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আত্মপক্ষ সমর্থনের সময় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন আসামি স্বপ্না আক্তার। অন্যদিকে প্রধান আসামি সোহেল রানা বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (৩ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় দুই আসামির বক্তব্য গ্রহণ করেন। এদিন কারাগার থেকে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার সাক্ষ্যপ্রমাণ পড়ে শোনান। বিচারকের প্রশ্নের জবাবে স্বপ্না আক্তার বলেন, “আমি কিছু করিনি, আমি নির্দোষ।” অন্যদিকে সোহেল রানা বলেন, “স্যার, আমি নির্দোষ। খালাস চাই। আমাকে মাফ করে দেন।” একই সঙ্গে তিনি মামলার তদন্ত ও ঘটনার বিষয়ে আরও কিছু বক্তব্য আদালতের সামনে তুলে ধরেন। দুই আসামির বক্তব্য গ্রহণ শেষে আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।

সাক্ষ্যগ্রহণ শেষ

মামলার কার্যক্রমে এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। গত ১ জুন মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। পরদিন ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে।

অভিযোগপত্রে যা বলা হয়েছে

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্র অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে তাকে কৌশলে একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির পরিবার তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের কক্ষের সামনে তার জুতা দেখতে পায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা রামিসার মরদেহ এবং কক্ষের ভেতরে একটি বালতিতে তার বিচ্ছিন্ন মাথা দেখতে পান। ঘটনাস্থল থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে মামলার তদন্তে সোহেল রানাকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আলোচিত এই মামলার পরবর্তী ধাপ

মামলাটির দ্রুত বিচার কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত যে কোনো সময় রায়ের জন্য দিন নির্ধারণ করতে পারেন। উল্লেখ্য, গত ১৯ মে রামিসা হত্যার ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Share Now

এই বিভাগের আরও খবর