৬ মাসে ২৫ শিশু হাসপাতাল নির্মাণের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
মানব কথা:দেশের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ৪৯২টি উপজেলার ৫০ শয্যার সরকারি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব হাসপাতালে বিশেষায়িত আইসিইউ সুবিধাও যুক্ত করা হবে। বুধবার (৩ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং এ প্রকল্প বাস্তবায়নে গণপূর্ত বিভাগ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
৬ মাসে ২৫ শিশু হাসপাতাল
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে পাঁচটি করে মোট ২৫টি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে একটি করে আইসিইউ ইউনিট থাকবে, যা শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন মেডিকেল ভবন
তিনি আরও জানান, প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ একটি আধুনিক মেডিকেল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
নারীদের জন্য ৫টি বিশেষায়িত হাসপাতাল
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য এক হাজার শয্যা বিশিষ্ট পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি দাবি করেন, সরকার স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনসাধারণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
ঘরে ঘরে চিকিৎসা সেবা পরীক্ষামূলকভাবে চালু
নতুন উদ্যোগের অংশ হিসেবে দেশের ৬ থেকে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ডোর-টু-ডোর’ চিকিৎসা সেবা চালুর পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে মানুষের ঘরে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









