সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ মেঘের
মানব কথা:আলোচিত সাগর-রুনি হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিহত সাংবাদিক দম্পতির একমাত্র সন্তান মেঘ। বুধবার (৩ জুন) দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মেঘের সঙ্গে ছিলেন মামলার বাদী ও নিহত মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলী রোমান। সাক্ষাৎকালে মামলার দীর্ঘসূত্রিতা ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার দাবি জানান। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘটনার সময় যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের অনেকের অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য এখন খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মামলার তদন্তে গঠিত বিশেষ টাস্কফোর্স আদালতে তাদের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে। তিনি জানান, টাস্কফোর্স মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় মেঘের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়টি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাসও দেন অ্যাটর্নি জেনারেল।
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ঘটনার পর নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানা-এ হত্যা মামলা দায়ের করেন। দেশের অন্যতম আলোচিত এই হত্যা মামলার তদন্ত দীর্ঘদিনেও শেষ না হওয়ায় বিভিন্ন সময় সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে এখনো জনমনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা রয়েছে।









