ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীনের গাফিলতি স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী
মানব কথা:রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণের পর আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নবজাতকদের রাখা কক্ষে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। বিষয়টি আরও বিস্তারিতভাবে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দিয়েছে। একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটিও তাদের অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করেছে।গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটির বিষয়টি তুলে ধরেছে। হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।ঘটনার পর স্বাস্থ্য খাতে জবাবদিহিতা ও রোগী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।









