প্রধানমন্ত্রীর ‘রেড টেলিফোন’ লাইনের তার চুরি: গ্রেপ্তার ২ অভিযুক্ত

সময়: 12:02 pm - June 4, 2026 |

রাজধানীর সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবেদনশীল ‘লাল টেলিফোন’ সংযোগের তামার তার চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের কাছ থেকে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছেবৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসি সূত্র বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেছেন যে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চকবাজারের হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। মূল অভিযুক্ত রঞ্জন চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিক্রি করা ৮ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে এবং ভাঙারি দোকানের মালিককেও আটক করা হয়েছে।” উল্লেখ্য, গত ১ জুন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অফিসে এসে দেখতে পান গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগগুলো বিকল হয়ে গেছে। তদন্তে দেখা যায়, পুরাতন ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত মূল্যবান কপার ক্যাবল বিভিন্ন স্থান থেকে কেটে বা খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবেদনশীল ‘রেড টেলিফোন’সহ একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দাপ্তরিক যোগাযোগ কার্যক্রমে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর