জামায়াতের ওপর আ.লীগ-বিএনপির যৌথ হামলার অভিযোগ, আহত ৮

সময়: 5:54 pm - June 5, 2026 |

মানব কথা: সাতক্ষীরার শ্যামনগরে একটি সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সংক্রান্তির খালে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি কর্মী কবির হোসেন, শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ ও আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম। জামায়াত নেতা শাহিন হোসেন অভিযোগ করেন, খালটির ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম সেখানে মাছ চাষ চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার এলাকার সাধারণ মানুষ মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের এক কর্মীকে মারধরের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আজহারুল ইসলাম দাবি করেন, তিনি খালটির ইজারা নবায়নের জন্য আবেদন করেছেন। খালে পূর্ব থেকে মাছ ছাড়া থাকায় মাছ ধরতে বাধা দিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাদের কয়েকজনকে আহত করেন। এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ইজারাকৃত খালে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনাটি মূলত একটি সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে হয়েছে। এটি রাজনৈতিক সংঘর্ষ নয়। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর