মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদের অনুমতি
মানব কথা:মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। সকালে সেনা কারাগার থেকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো এবং সুবিধাজনক সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, মোজাফফর হোসেন সেনা কারাগারেই থাকবেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজন হলে তাকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে নেওয়া যাবে। প্রসিকিউশনের অভিযোগ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশন মোজাফফর হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করলে আদালত ২৪ জুলাই তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।









