খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত হলো শোক প্রস্তাব

সময়: 4:05 am - June 6, 2026 |

মানব কথা:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। বিধানসভায় গৃহীত শোকপ্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার রথীন্দ্রনাথ বসু বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বিধানসভার সদস্যরা। শোকবার্তায় স্পিকার বলেন, বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতির একজন প্রভাবশালী নেতা ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।শোকপ্রস্তাবে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব গ্রহণ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শোকপ্রস্তাব শেষে প্রধান সচিবকে মরহুমার পরিবারের কাছে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং পরে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সুমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শোকপ্রস্তাবের অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে। বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে মরহুমার পরিবারের কাছে শোকবার্তাটি পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর