আ.লীগের চুরি-অর্থপাচারের বোঝাই বিদ্যুৎ খাতে চাপ সৃষ্টি করেছে: তথ্যমন্ত্রী
মানব কথা :আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি, চুরি ও অর্থপাচারের কারণেই বর্তমান সরকার আর্থিক চাপের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অনিয়ম ও অর্থপাচার হয়েছে, তার আর্থিক বোঝা এখনো বহন করতে হচ্ছে। তবে সাধারণ মানুষের ওপর এর প্রভাব কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। সরকার ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম সমন্বয় করলেও সরকারের অনুরোধে নিম্ন ও সীমিত আয়ের গ্রাহকদের স্বার্থ বিবেচনায় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। ফলে এ শ্রেণির গ্রাহকদের অতিরিক্ত কোনো বিল পরিশোধ করতে হবে না।তিনি আরও জানান, একই বিবেচনায় অকটেন ও পেট্রোলের দাম সমন্বয় করা হলেও ডিজেলের মূল্য দ্বিতীয় দফায় বাড়ানো হয়নি। ডা. জাহেদ উর রহমান অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশের বিদ্যুৎ খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। সেই নীতির নেতিবাচক প্রভাব এখনো দেশের জ্বালানি খাত ও সামগ্রিক অর্থনীতিতে বহাল রয়েছে।









