হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,২৮৭
মানব কথা:দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ শিশু। হামের সংক্রমণ অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজন শিশুর মৃত্যু হয়েছে।এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২২১ শিশু। পরীক্ষার মাধ্যমে নতুন করে ৬৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬০ হাজার ৮৪ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।








