ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
মানব কথা:দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করার আবেদন জানানো হয়। আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্বে অবহেলা, কু-উদ্দেশ্য এবং দুর্নীতির কারণে সময়মতো শিশুদের জন্য প্রয়োজনীয় হামের টিকা নিশ্চিত করা হয়নি। এর ফলে দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয় এবং বহু শিশুর প্রাণহানি ঘটে।সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার শিশু হামের লক্ষণ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একই সময়ে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
আবেদনকারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত মামলার আবেদন গ্রহণ না করে তা খারিজ করে দেন।








