প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
মানব কথা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ একনেক সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে চট্টগ্রামের আনোয়ারায় ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ’ প্রকল্প। প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান এবং ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার আশা করছে সরকার। প্রকল্পটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন প্রায় ৮০০ একর জমিতে গড়ে তোলা হবে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীন প্রকল্প সহায়তা হিসেবে দেবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, এর আগে মিরসরাইয়ে ৯০০ একর জমিতে গড়ে ওঠা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে বাতিল করে। সেই প্রেক্ষাপটে নতুন করে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগকে দেশের শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।










