হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৩৪

সময়: 4:18 pm - June 9, 2026 |

মানব কথা: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের মধ্যে হাম অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮০ জন নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৫৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম পরিস্থিতিতে গত ৮৬ দিনে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ৯ হাজার ৮৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে আরও ১ হাজার ১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের টিকাদান নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর