ব্রাজিলকে রুখেও জয় হাতছাড়ার আক্ষেপ মরক্কো কোচের
স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড্র অনেক দলের জন্য বড় অর্জন হতে পারে। তবে মরক্কো শিবিরে সেই সন্তুষ্টির চেয়ে আক্ষেপই বেশি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে আটকে দেওয়ার পরও জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ কোচ মোহাম্মদ উয়াহবি।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ গড়লেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।ম্যাচ শেষে উয়াহবি বলেন, “আমরা ভালো খেলেছি এবং আমাদের লক্ষ্য ছিল জয়। কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। খেলোয়াড়রা হতাশ, কারণ তারা ম্যাচটি জিততে চেয়েছিল।”এই ড্রয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি রেকর্ডও গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি। বর্তমানে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এটি যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। একই সংখ্যক ম্যাচ অপরাজিত রয়েছে স্পেনও।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে যাওয়ার কারণ হিসেবে গরম আবহাওয়ার কথাও উল্লেখ করেন মরক্কো কোচ।তিনি বলেন, “গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে গিয়েছিল, যা স্বাভাবিক। এখন আমাদের পুরো মনোযোগ স্কটল্যান্ড ম্যাচে। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।”বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে মরক্কো এখন দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আশরাফ হাকিমির দল। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।ব্রাজিলের বিপক্ষে পাওয়া এক পয়েন্ট মরক্কোকে গ্রুপে ভালো অবস্থানে রাখলেও কোচ উয়াহবির বক্তব্যে পরিষ্কার, তাদের লক্ষ্য শুধু শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দেওয়া নয়, প্রতিটি ম্যাচে জয়ের জন্য লড়াই করা।










