দোহারে পুলিশের অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক- দোহার উপজেলা: ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দোহার থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাসুদ (৪৮), ফারুক (৪৬), পলাশ খান (৬২), জয়নাল মোল্লা (৫৫), হানিফ (২০), নিরব সরদার (৫০) এবং জহিরুল ইসলাম ওরফে জহির (৩৫)। তাদের মধ্যে নিরব সরদারের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে এবং জহিরুল ইসলামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। অন্যরা দোহার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একজন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটো মিশুক জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার ছয় মাদক কারবারির কাছ থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় এক গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









