বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ব্রাজিল: বিশ্বাস কাকার
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত শুরু করতে পারেনি। ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলেসাওদের।শুরুটা ভালো না হলেও দল নিয়ে এখনো আশাবাদী ব্রাজিলের সাবেক তারকা কাকা। তার বিশ্বাস, অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ভুলত্রুটি শুধরে আবারও শক্ত অবস্থানে ফিরবে ব্রাজিল।কাকা বলেন, “বিশ্বকাপে চাপের মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা আনচেলত্তির আছে, সেটাই ব্রাজিলের বড় শক্তি হতে পারে। কোনো দলই প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতে না।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদাহরণ দেখিয়ে বোঝানো যায় যে শুরুটা খারাপ হলেও শিরোপা জেতা সম্ভব। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারার পরও লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল।মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে ছন্দের অভাব ও সমন্বয়ের ঘাটতি স্পষ্ট ছিল। নেইমারের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে, যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।তবে কাকার বিশ্বাস, সময়ের সঙ্গে ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।









