হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সময়: 11:37 am - June 17, 2026 |

মানব কথা:দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে। একই ২৪ ঘণ্টায় ১১১ জন শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৬ জন এবং মোট ৮৭২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ৯০৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। এ সময়ে মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর