তারল্য সংকটে ইসলামী ব্যাংক পেল আরও ১ হাজার কোটি টাকা

সময়: 11:30 am - June 17, 2026 |

মানব কথা:তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত তিন দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকটি মোট ৭ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ঋণ বিতরণে অনিয়ম, খেলাপি ঋণ বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থার সংকটের কারণে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে তারল্য চাপে রয়েছে। এতে গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ও সেবায় প্রভাব পড়ে।এই পরিস্থিতি মোকাবিলায় এবং গ্রাহকদের লেনদেন স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে ব্যাংকটিকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।এর আগে মঙ্গলবার (১৬ জুন) ইসলামী ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে সংগঠনটি সাত দফা দাবি উত্থাপন করে।দাবিগুলোর মধ্যে রয়েছে—বিতর্কিতভাবে অধিগ্রহণ করা শেয়ার আগের মালিকদের কাছে ফেরত দেওয়া বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রির উদ্যোগ নেওয়া, যাতে ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের বিষয়টি আইন অনুযায়ী বিবেচনার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে ইতিবাচক অবস্থান নেওয়া হয়েছে।

এর আগে ১৫ জুন ইসলামী ব্যাংক এক নোটিশে জানায়, যেসব গ্রাহক প্রি-ম্যাচিউর আমানত ভেঙেছেন, তারা সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে চার্জ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।উল্লেখ্য, ১৪ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালককে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

Share Now

এই বিভাগের আরও খবর