ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: বিশ্বকাপের শুরুতেই কঠিন পরীক্ষা
মানব কথা: বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে ইংল্যান্ড। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া—যারা বড় টুর্নামেন্টে চমক দেখানোর জন্য বরাবরই পরিচিত। জয় দিয়ে আসর শুরু করতে চাইলেও থ্রি লায়ন্সদের জন্য এই ম্যাচ সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি ম্যাচে, ক্রোয়েশিয়া জয় পেয়েছে ৩টিতে এবং ২টি ম্যাচ ড্র হয়েছে। তবে ২০১৮ বিশ্বকাপে শেষ হাসি হেসেছিল ক্রোয়াটরাই, যা ইংল্যান্ডের জন্য এখনো সতর্কবার্তা হয়ে আছে।ইংল্যান্ড বর্তমানে কোচ থমাস টুখেল–এর অধীনে ভালো ছন্দে আছে। বিশ্বকাপ বাছাইপর্বে তারা টানা আটটি জয় তুলে নিয়েছে এবং এক ম্যাচেও গোল হজম করেনি—যা দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে সাম্প্রতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ১–০ গোলে হার এবং উরুগুয়ের সঙ্গে ১–১ ড্র কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছে।ইংল্যান্ডের আক্রমণের মূল ভরসা হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ ফর্মে থাকা এই স্ট্রাইকার এবারও দলের প্রধান অস্ত্র হিসেবে থাকছেন। তার গোলেই ইংল্যান্ড বড় স্বপ্ন দেখছে।অন্যদিকে ক্রোয়েশিয়া গত বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। এবারও অভিজ্ঞতার ওপর ভর করে মাঠে নামছে দলটি। তাদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ এবার বিশ্বকাপে শেষবারের মতো খেলছেন। বয়স ৪০ হলেও তার নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ক্ষমতা এখনো দলের বড় শক্তি।ক্রোয়েশিয়ার আরেক ভরসা ইভান পেরিসিচ। তার গতি ও অভিজ্ঞতা ইংল্যান্ডের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।বল দখল ও মাঝমাঠের নিয়ন্ত্রণে ক্রোয়েশিয়ার দক্ষতা এবং ইংল্যান্ডের আক্রমণাত্মক শক্তি—দুইয়ের লড়াই ম্যাচটিকে জমিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।









