রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
মানব কথা: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।
যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচন:ইসি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রস্তুত ভোটার তালিকা:ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও ধারাবাহিকভাবে সম্পন্ন করা হচ্ছে। তিনি জানান, আপাতত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনের বিভিন্ন ধাপ ও অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় দলটির প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত কে দলটির প্রার্থী হচ্ছেন, তা মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হবে।









