‘কাশিমপুরের কথা মনে আছে? আবার জেলে যাব?’—সংসদে বিরোধীদলীয় নেতাকে পানিসম্পদ মন্ত্রীর প্রশ্ন
মানব কথা:জাতীয় সংসদে বাজেট আলোচনায় বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে বিএনপি ও জামায়াতের নেতারা আবারও একসঙ্গে জেলে যাবেন কি না—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আমরা আজ সংসদে এসেছি। ঐক্য খুবই জরুরি। ঐক্য নিয়েই আমাদের সামনে এগোতে হবে।” বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, “কাশিমপুর জেলখানার কথা মনে পড়ে? আমরা তো একসঙ্গেই ছিলাম। একসঙ্গে নামাজ পড়েছি, খেয়েছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তির কৌশল ঠিক করেছি।” এ সময় বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু বললে মন্ত্রী হাস্যরসের ভঙ্গিতে বলেন, “আবার জেলে যাব?” পরে তিনি যোগ করেন, “না, আর আমাদের জেলে যেতে হবে না। কারণ দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ছিল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও ছিল। আবার যেন সে পরিস্থিতি তৈরি না হয়।”
‘প্রতিশোধ নয়, উন্নয়নই হবে জবাব’
বিএনপি সরকার প্রতিহিংসার রাজনীতি করবে না উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী বলেন, “আমরা প্রতিশোধ নেব উন্নয়নের মাধ্যমে। ২০ হাজার কিলোমিটার খাল খননই হবে আমাদের প্রতিশোধ।” তিনি বলেন, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ দেশের বিভিন্ন নদীভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। এসব মানুষের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস
পানিসম্পদ মন্ত্রী জানান, চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা যে নামেই হোক, আমরা বাস্তবায়ন করবই। প্রধানমন্ত্রী চীন সফরে এ বিষয়ে আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”এছাড়া সাত কোটি মানুষের উপকারে আসবে এমন পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান তিনি।









