কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৮

সময়: 9:48 am - July 2, 2026 |

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত আটজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চালানো এ হামলার তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানান, হামলায় রাজধানীর অন্তত তিন ডজন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।অন্যদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, আহত হয়েছেন অন্তত ৩৪ জন। তিনি বলেন, একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনটির প্রথম থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ধসে পড়ে। তিনি আরও জানান, একটি নয়তলা আবাসিক ভবনে কয়েকজন বাসিন্দা আটকা পড়েছেন। এছাড়া আরেকটি বহুতল ভবনের ছাদে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি সেবাকর্মীরা।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় কিয়েভের ডিনিপ্রো নদীর দুই তীরজুড়ে অবস্থিত ১০টি প্রশাসনিক জেলার সবগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সতর্কতা জারির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং স্থানীয় প্রশাসনের আহ্বানে বহু বাসিন্দা মেট্রো স্টেশন ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় সাম্প্রতিক সময়ে কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বেড়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর