যুবদলের সভায় হট্টগোল: ‘সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে কোনো সমস্যা হয়নি’—মুন্না
মানব কথা: জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তার সঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর কোনো ধরনের বিরোধ হয়নি। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত খবরকে তিনি ‘সত্য নয়’ বলেও দাবি করেছেন। রোববার (৫ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে আব্দুল মোনায়েম মুন্না বলেন, তার ও নুরুল ইসলাম নয়নের মধ্যে তিন দশকেরও বেশি সময়ের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনো অটুট আছে। তিনি লেখেন, ১০টি বিভাগীয় সাংগঠনিক টিম সপ্তাহব্যাপী সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকায় ফেরায় তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হওয়ায় সর্বসম্মতিক্রমে সভা মুলতবি করে সোমবার বিকেল ৫টায় পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মুন্না আরও বলেন, গণতান্ত্রিক সংগঠনে মতপার্থক্য, আলোচনা ও তর্ক-বিতর্ক স্বাভাবিক বিষয়। তবে এ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ সৃষ্টি হয়নি। সভা শেষে তারা একসঙ্গেই নিচে নেমেছেন। পরে তিনি সাধারণ সম্পাদককে বিদায় দিয়ে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পল্টন মসজিদে আসরের নামাজ আদায় করেন বলেও উল্লেখ করেন।
এর আগে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সদ্য ঘোষিত ১৫১ সদস্যের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলাকালে নেতাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সভা স্থগিত করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, নতুন কমিটিতে বিতর্কিত ও দীর্ঘদিন সংগঠনে নিষ্ক্রিয় থাকা কয়েকজন নেতার অন্তর্ভুক্তি নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতারা একে অপরকে দায়ী করতে থাকেন। এতে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।সূত্র আরও জানায়, কয়েকজন সহ-সভাপতির অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক সক্রিয়তা এবং কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে বৈঠক স্থগিত করা হয়। তবে সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তার বক্তব্যে স্পষ্ট করেছেন, সভা মুলতবি করা হলেও নেতৃত্বের মধ্যে কোনো বিভক্তি বা ব্যক্তিগত দ্বন্দ্ব নেই এবং বিষয়টি নিয়ে প্রকাশিত কিছু সংবাদ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।









