শহর-গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে নতুন পরিকল্পনা: শিক্ষা প্রতিমন্ত্রী
মানব কথা:দেশের শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে আনতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানিয়েছেন ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।তিনি জানান, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক ও প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
ববি হাজ্জাজ বলেন, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সেগুলোর সমাধান করা হবে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।তিনি আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষার যে বৈষম্য রয়েছে, তা কমিয়ে এনে সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে নতুন কারিকুলাম ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম প্রণয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।









